জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও গবেষণামুখী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গবেষণা ও উদ্ভাবনে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারগণ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ, জেলা শিক্ষা অফিসার, বিজ্ঞানমনস্ক শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দর্শনার্থীবৃন্দ।

মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করেন। এতে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ আরও বৃদ্ধি পায় বলে আয়োজকরা জানান।

দিনব্যাপী এ আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে নতুন অনুপ্রেরণা সৃষ্টি হয় বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *