জোরারগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ আনজার শাহ:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরীর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল ও সিরা ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।

বুধবার (১৭ জুন ২০২৬) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় ২ নম্বর ওয়ার্ডের উত্তরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি ফয়সাল আহমেদ (৪০)। তিনি কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ হাজীপাড়া এলাকার মৃত ফজল কবিরের ছেলে। তার মায়ের নাম রহিমা খাতুন। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়াছড়া এলাকার মকবুলের বাড়িতে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও তদন্তসংশ্লিষ্টরা মনে করছেন। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং মাদকের উৎস কোথায়, সে বিষয়েও তদন্ত চলছে।

জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আশা করছে, এ ধরনের ধারাবাহিক অভিযানের মাধ্যমে মাদক কারবার নিয়ন্ত্রণে এনে সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *