ঝটিকা মিছিল মোকাবিলায় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন উল্লেখ করে দলটির ঝটিকা মিছিলের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। বিভিন্ন স্থানে তারা ঝটিকা মিছিল করে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ভবিষ্যতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তা মোকাবিলা করা হবে।

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল ও পাহাড় কাটা বন্ধসহ জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। নগর ও জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানিসম্পদমন্ত্রী চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের বিষয়েও কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *