ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আমির হোসেন:

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর দুই যুগ পূর্তি। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে দুর্নীতি, সহিংসতা, সাম্প্রদায়িকতা ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি উদযাপন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নাগরিকদের সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে।

এ সময় সুজনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার।

সুজন ঝালকাঠি জেলা কমিটির সভাপতি ইলিয়াস শিকদার ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন ও সঞ্চালনা করেন সংগঠনের জেলা সম্পাদক ইসমাঈল মুসাফির। এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক কবিতা হাওলাদার, সুজন নলছিটি উপজেলা কমিটির সভাপতি প্রভাষক মো. আমির হোসেন, সিনিয়র সহসভাপতি আবদুল কুদ্দুস তালুকদার, সম্পাদক শাহাাত আলম ফকির, পৌর কমিটির সভাপতি একরামুল করিম মিঠু মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা।

দুই যুগের পথচলায় সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *