মোঃ মশিউর রহমান:
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শাহ আলম (৭০) আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শাহ আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এক শোকবার্তায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শাহ আলম বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি দলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা বিএনপির যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শাহ আলম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
শোকবার্তায় প্রতিমন্ত্রী টুকু মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দান করেন। একই সঙ্গে তিনি শাহ আলমের পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সম্প্রতি আকস্মিকভাবে পড়ে গিয়ে আহত হওয়ার পর থেকে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন শাহ আলম। গতকাল সোমবার বিকেলে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা শাহ আলম মৃত্যুকালে স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।