টাঙ্গাইলে ১০ টাকায় বা প্লাস্টিকের বিনিময়ে গাছ

মোঃ মশিউর রহমান:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১০ টাকায় বা প্লাস্টিকের বিনিময়ে গাছ বিক্রি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশন। আজ ৪ জুন বৃহস্পতিবার টাঙ্গাইল শহরের ভাসানী রোডে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

এ আয়োজনে ১০ টাকা বা প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছ ক্রয় করেছেন বৃক্ষপ্রেমীরা। সোনালু, জারুল, আমলকি, জাম, অর্জুন, বহেরা, চালতা, শিশু, আমড়া, কাঁঠাল, বকুল, কাঠবাদাম, ড্রাগন ফল, তুলসী, নিম, আম, লিচুসহ ফলজ, বনজ ও ঔষধি প্রায় দুই শতাধিক গাছ বিক্রি হয়েছে এ আয়োজনে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহসিন জামান জানান, ‘এত অল্প মূল্যে গাছ ক্রয় করে খুব ভালো লাগছে। আমি বকুল ও জারুল গাছ সংগ্রহ করেছি। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।’

পুরনো প্লাস্টিকের বিনিময়ে গাছ সংগ্রহ করেছেন স্কুলশিক্ষিকা সুলতানা পারভীন। তিনি বলেন, ‘সন্তানকে সঙ্গে নিয়ে বাসার পুরনো প্লাস্টিকের বিনিময়ে ৪টি গাছ সংগ্রহ করেছি।’

মাত্র ১০ টাকায় আমড়া গাছ ক্রয় করেছেন বাদাম বিক্রেতা জামাল মিয়া। তিনি বলেন, ‘বাড়িতে জায়গা আছে, এজন্য গাছ নিলাম। এত কম দামে গাছ দিচ্ছে, বিশ্বাস করিনি।’

দিনব্যাপী এ আয়োজনে ১০ টাকা বা প্লাস্টিক পণ্য জমা দিয়ে গাছ সংগ্রহ করেছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এমন আয়োজন প্রতি মাসেই হওয়া উচিত বলে জানান তারা।

এ আয়োজনের উদ্যোক্তা ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ বলেন, “আমরা চাই তরুণ প্রজন্ম পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করুক। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বছরব্যাপী ৫,০০০ গাছ রোপণের লক্ষ্য নিয়ে ১০ টাকায় গাছ বিক্রি, প্লাস্টিকের বিনিময়ে গাছ এবং ‘একজন এক গাছ’ আন্দোলনের আয়োজন করছি আমরা। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধ করা আমাদের অন্যতম লক্ষ্য।”

অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সমন্বয়কারী জোবায়দুর রহমান হৃদয়, সদস্য আলফি ইসলাম, রাজ চৌধুরী, ইরতেশাম বাধন, ইসতিয়াক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী এই সংগঠনটি আগামীতে সারাদেশের ২১ জেলায় এবং টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে এই ‘বিনিময়’ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি জেলা শহরকে ‘প্লাস্টিকমুক্ত ও সবুজ শহর’ হিসেবে গড়ে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *