ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ শিক্ষার্থীর, গুরুতর ১

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) মথুরা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়। পুলিশ জানিয়েছে, বৃন্দাবনের চৈতন্য বিহারে অবস্থিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘বৃন্দাবন গুরুকুলমে’ এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্যমতে, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি পানির ট্যাংক থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ট্যাংকটি পরিষ্কার করতে প্রথমে এক শিক্ষার্থী ভেতরে নামেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আর বের হয়ে আসতে পারেননি। তাকে উদ্ধারের চেষ্টা করতে একে একে আরও চার শিক্ষার্থী ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। পরে তারাও সেখানে আটকা পড়েন।

এ সময় উপস্থিত লোকজন পাঁচ শিক্ষার্থীকে ট্যাংক থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা চার শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। নিহতদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

মৃত শিক্ষার্থীদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। জীবিত উদ্ধার হওয়া শিক্ষার্থীকে উন্নত চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।

জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ঘটনাটি মুখ্যমন্ত্রীর নজরে আসার পর তিনি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং আহত শিক্ষার্থীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

ঘটনার কারণ অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুকুলমটির প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না এবং কোন পরিস্থিতিতে শিক্ষার্থীদের দিয়ে পানির ট্যাংক পরিষ্কার করানো হচ্ছিল, তাও তদন্তে খতিয়ে দেখা হবে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এলাকার অন্যান্য গুরুকুলমেও পুনরায় অডিট ও ভবন পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

এসএসপি কুমার জানান, দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *