‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি’—ইরান

আন্তর্জাতিক ডেস্ক ::

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই বলেছেন, কৌশলগত দিক থেকে হরমুজ প্রণালি ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষায় ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বোচ্চ পদক্ষেপ নেবে বলেও অঙ্গীকার করেছেন তিনি।

রোববার (১২ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএসএনএ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মহসেন রেজাই বলেন, “হরমুজ প্রণালি ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই কৌশলগত জলপথ যেকোনো মূল্যে রক্ষা করবে।”

দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে। এই অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের উত্তেজনা এবং সামরিক সংঘাতও তীব্র হয়েছে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

রেজাই আরও বলেন, হরমুজ প্রণালি ইরানের প্রতিরক্ষা কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার ভাষায়, “হরমুজ প্রণালি একটি কৌশলগত প্রতিরক্ষা প্রতিবন্ধক হিসেবে কাজ করে। নিজস্ব সামরিক সক্ষমতা ও জাতীয় শক্তির ওপর নির্ভর করেই ইরান তার নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করবে।”

এর আগে ইরানের সামরিক বাহিনী জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাত শুরুর পর বৈশ্বিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ এই নৌপথ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হতে পারে

এদিকে রোববারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তেহরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

সাম্প্রতিক কয়েক দিনের ধারাবাহিক সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছেন। তবে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পথ এখনও খোলা রয়েছে।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *