নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার চারপাশের নদীপথ আবারও সচল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনা করে নদীপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রাজধানীর চারপাশের নৌপথগুলো কার্যকর ও যাত্রীবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি কোম্পানিগুলোর উপযুক্ত প্রস্তাব যাচাই করে তাদের ওয়াটার বাস পরিচালনার অনুমতি দেওয়া হবে, যাতে সড়কপথের চাপ কমানোর পাশাপাশি নগরবাসীর জন্য বিকল্প ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলা যায়।
এ সময় ঢাকার নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা রক্ষা এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া নদীতীরকে আরও সবুজ ও আকর্ষণীয় করে তুলতে নদীর পাশের ওয়াকওয়ের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নদীতীরের সৌন্দর্য বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।