মোঃ আনজার শাহ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম, গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং সমসাময়িক যোগাযোগব্যবস্থা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রতিমন্ত্রীর পাশাপাশি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে শিক্ষার্থীরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব ও কার্যক্রম, দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং গণমাধ্যমের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন।
এ সময় সাংবাদিকতা শিক্ষার তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিক হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মন্ত্রণালয়ে আয়োজিত এ মতবিনিময় শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় প্রশাসন, গণমাধ্যম ও সাংবাদিকতার বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।
মতবিনিময় শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফটোসেশনে অংশ নেন।