ক্রীড়া প্রতিবেদক:
ভারতের পরিচিত ক্রিকেট নিলাম সঞ্চালক চারু শর্মা এখন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ডি-থ্রি-এর নিলাম পরিচালনা করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের এক ফোনকলেই এ আয়োজনে অংশ নিতে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) নিলামের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চারু শর্মা বলেন, তামিম তাঁকে ফোন করে ডি-থ্রি টুর্নামেন্টের নিলাম পরিচালনার আমন্ত্রণ জানান। তখন ব্যস্ততা থাকলেও তামিমকে আসার আশ্বাস দিয়েছিলেন তিনি। পরে দুই-তিন দিনের মধ্যেই বাংলাদেশে চলে আসেন।
চারু শর্মা বলেন, “তামিম ইকবালকে ধন্যবাদ, সে-ই আমাকে কল করে। আমি একটু ব্যস্ত ছিলাম। তবে বললাম, একদম ভেবো না, আমি চলে আসব। এখানে এসে ভালো লাগছে। মনে হচ্ছে নিজের বাড়িতে আছি।”
এর আগে কয়েকবার বাংলাদেশে এসেছেন চারু শর্মা। তাঁর স্মৃতিতে প্রথম সফরটি সম্ভবত ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে ঘিরে। সেই সফরের স্মৃতিচারণা করে তিনি জানান, তখন অনেক বন্ধুত্ব হয়েছিল। ধারাভাষ্যকারদের মধ্যে শামীম চৌধুরী তাঁর ভালো বন্ধু। আবারও তাঁদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেয়ে আনন্দিত তিনি।
ডি-থ্রি টুর্নামেন্টের নিলাম আয়োজনের প্রশংসা করে চারু শর্মা বলেন, নিলাম পরিচালনা তাঁর পছন্দের কাজ। বিশেষ করে এবার যে ধারণায় নিলাম আয়োজন করা হচ্ছে, তা তাঁর ভালো লেগেছে। তবে নিলামকে আকর্ষণীয় রাখার পাশাপাশি সময়ের দিকেও নজর রাখতে হচ্ছে। তাঁর মতে, নিলাম দীর্ঘায়িত করা যাবে না; আবার প্রতিটি ধাপের রোমাঞ্চও ধরে রাখতে হবে। ‘এ’ ক্যাটাগরির নিলাম বেশ উত্তেজনাপূর্ণ ছিল বলেও জানান তিনি।
বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে ডি-থ্রি টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরে চারু শর্মা বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গুরুত্বপূর্ণ। অন্যদিকে, তরুণ ক্রিকেটারদের বিকাশে ডি-থ্রি বড় ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ভালো খেলোয়াড় তৈরি করতে হলে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলার সুযোগ দিতে হবে। ডি-থ্রি সব ফরম্যাটে আয়োজনের পরিকল্পনাকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন তিনি।
চারু শর্মার মতে, টুর্নামেন্টটি এখনো শুরুর পর্যায়ে রয়েছে। নিলামে আরও রোমাঞ্চকর মুহূর্ত বাকি আছে। তাঁকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য আবারও তামিম ইকবালকে ধন্যবাদ জানান তিনি।