তারেক রহমানের পক্ষ থেকে লোহাগাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন খোকন চৌধুরী

কামরুল ইসলাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোকন চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পক্ষ থেকে তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন খোকন চৌধুরী। এ সময় তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাস্টারহাট, ২ নম্বর ওয়ার্ডের খৈয়ারকুলসহ বিভিন্ন এলাকায় গিয়ে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। পাশাপাশি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণকালে খোকন চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির নেতা ও বিশিষ্ট মৎস্যজীবী-ঠিকাদার আব্দুর রহিম, বিএনপি নেতা আনছারুল আলম, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ চৌধুরীর পুত্র ও উপজেলা বিএনপির নেতা এ টি এম জাহেদ চৌধুরী এবং আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম। এছাড়াও উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে খোকন চৌধুরী বলেন, “গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতকানিয়া-লোহাগাড়া অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। বহু পরিবার খাদ্যসংকটে মানবেতর জীবনযাপন করছে। তাদের এই দুর্দশার কথা বিবেচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং আমার ব্যক্তিগত উদ্যোগে আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এটি কেবল শুরু। যতদিন প্রয়োজন, ততদিন বন্যাদুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবিক মানুষদেরও এই সংকটে এগিয়ে আসা উচিত। সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে।”

এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার পানিতে অনেক পরিবার এখনও ঘরবন্দি অবস্থায় রয়েছে। অনেকের রান্না করার সুযোগ নেই, বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি প্রকাশ করেছে।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, দুর্যোগকালে জনগণের পাশে থাকা দলের নীতির অংশ। ভবিষ্যতেও বন্যাকবলিত এলাকায় প্রয়োজন অনুযায়ী ত্রাণ সহায়তা ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *