জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম (৫১) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চার যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রাশেদুল ইসলাম দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভেড়ামারা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।এতে সিএনজির যাত্রী রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিএনজি চালক ও অন্য চার যাত্রীকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন। পুলিশ সিএনজি ও ট্রাকটি জব্দ করেছে।কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। ট্রাক ও সিএনজি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হবে।