দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনার আশ্বাস ইউএনওর

মোহাম্মদ হোসেন হ্যাপী:

দক্ষিণ আফ্রিকার একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঁচজনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় ইউএনও এস এম ফয়েজ উদ্দিন সরেজমিনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামে যান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ শেষে ইউএনও সাংবাদিকদের জানান, দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের বিষয়ে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে আনুষ্ঠানিক তালিকা পাওয়া যায়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চারজন এবং বক্তাবলী ইউনিয়নের একজনসহ মোট পাঁচজন বাংলাদেশি ওই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এস এম ফয়েজ উদ্দিন বলেন, নিহতদের বিষয়ে স্থানীয়ভাবে পাওয়া তথ্য প্রশাসনের পক্ষ থেকে সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে প্রবাসী কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দূতাবাস থেকে নিহতদের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন এবং প্রাপ্য ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ শাখার সহকারী পরিচালকের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

ইউএনও বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় পরিবারের সদস্যরা যাতে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা হয়রানির মুখে না পড়েন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দূতাবাসের আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর নিহতদের পরিচয় ও সংখ্যা নিশ্চিত করা হবে। এরপর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হবে।

জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আকস্মিক এ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই বাংলাদেশের নাগরিক বলে স্থানীয়ভাবে জানা গেছে। তাদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের এবং একজন বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় নারায়ণগঞ্জের নিহত পাঁচ বাংলাদেশির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে তাদের শেষবারের মতো দেখতে চান। একই সঙ্গে সরকারের কাছে মরদেহ দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের পরিবারের পাশে থেকে পুরো প্রক্রিয়ায় প্রশাসন সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *