নিজস্ব প্রতিবেদক:
নৈতিক কার্যকলাপ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দলের সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে ‘মামুন বাহিনী’র বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ঝুট ব্যবসা, কেবল টেলিভিশন (ডিশ) ও ইন্টারনেট সংযোগ ব্যবসা নিয়ন্ত্রণ এবং অবৈধ বস্তির ঘর থেকে ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধের অভিযোগ ওঠার কথা জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বিদেশে থাকা চারজনের নেতৃত্বে মিরপুরে ‘ফোর স্টার গ্রুপ’ নামে চারটি বাহিনী পরিচালিত হয়। এসব বাহিনীর একটি ‘মামুন বাহিনী’, যার নেতৃত্বে রয়েছেন মফিজুর রহমান মামুন।
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মামুন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় পুলিশ জানিয়েছিল, ২০০১ সালে কিছুদিন কারাভোগের পর ২০০৪ সালে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে যান। পাসপোর্ট জালিয়াতি ও অনুপ্রবেশের অভিযোগে ২০০৮ সালে ভারতে গ্রেপ্তার হন এবং সেখানে ১০ বছর সাজা ভোগ করেন। কারাভোগের পর ভারতে অবস্থান করেই তিনি মিরপুরের অপরাধ নিয়ন্ত্রণ করতেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।
২০২১ সালে বাংলাদেশে ফেরার পরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মামুনের বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, মাদক, অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও ডাকাতির অভিযোগে পল্লবী থানায় ২৭টি মামলা, ১৫টি গ্রেপ্তারি পরোয়ানা এবং দুটি সাজা পরোয়ানার তথ্য পাওয়া গেছে।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক অভিযোগগুলোর বিষয়ে মামুনের বক্তব্য বা বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া দেওয়া হয়নি।