মোঃ আনজার শাহ
জনপদের মানুষের কাছাকাছি পৌঁছাতে দুই দিনের সফরে বরুড়ায় আসছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, ইউনিয়ন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, ধর্মীয় অনুষ্ঠান ও দলীয় সাংগঠনিক সভায় অংশ নেওয়ার মধ্য দিয়ে সফরটি হয়ে উঠবে উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া ও সাংগঠনিক কার্যক্রমের এক মিলনমেলা।
সফরে মন্ত্রীর সঙ্গে থাকবেন সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন (কল্লোল), জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুই দিনের এই কর্মসূচিতে বরুড়া উপজেলাকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে স্থানীয় জনগোষ্ঠীর নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন মন্ত্রী। তৃণমূলের মানুষের কথা শোনা ও তাঁদের প্রত্যাশা জানার এক অনন্য সুযোগ হিসেবেও দেখা হচ্ছে এ সফরকে।
সফরের অন্যতম উল্লেখযোগ্য আয়োজন বরুড়ার প্রয়াত সংসদ সদস্য এ কে এম আবু তাহেরের স্মৃতিবিজড়িত ফুটবল টুর্নামেন্ট এবং স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান। প্রিয় জনপ্রতিনিধির স্মৃতিকে ঘিরে ক্রীড়া ও শিক্ষার এই আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।