দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, আওতামুক্ত জরুরি সেবার কর্মীরা

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটি যুক্ত হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অতিরিক্ত একদিন ছুটি যুক্ত হওয়ায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদা করে ছুটি নেওয়ার প্রয়োজন হবে না।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে।

এর পরের ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মহানবমী থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও এই ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো চালু রাখতে সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।

ছুটির আওতামুক্ত থাকবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহন।

এ ছাড়া চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও এ ছুটির আওতাবহির্ভূত থাকবেন।

জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য জরুরি কার্যক্রমও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চালু রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *