মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক গ্রহণ করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হকের কাছ থেকে তিনি প্রতীক গ্রহণ করেন।
প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজ আমরা আমাদের সংগ্রাম ও ঐতিহ্যের প্রতীক ধানের শীষ পেয়েছি। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতীক। ধানের শীষ এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিনি আরও বলেন, ‘টাঙ্গাইল সদরবাসী দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সুশাসন থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ, জনগণের ভোটে এবার ধানের শীষ বিজয়ী হবে এবং টাঙ্গাইল সদর একটি নতুন উন্নয়নধারায় প্রবেশ করবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা আরও বেগবান হবে বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।