মাসুদুর রহমান:
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলার ধামরাই পৌরসভায় ১,০০০টি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩/০৬/২০২৬) উপজেলা চত্বর এবং ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ তমিজ উদ্দিন, জাতীয় সংসদ সদস্য (ঢাকা-২০, ধামরাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ধামরাই এবং সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি। এ সময় অতিথিরা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বক্তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ধামরাই পৌরসভার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ৩০,০০০টি চারা রোপণ করা হবে বলে আয়োজকরা জানান।