নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময়সূচি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এবার নতুন করে সফরের তারিখ নির্ধারণের প্রক্রিয়া এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর সফরের বিষয়ে আলোচনা আরও গতি পেতে পারে।

তবে সফরটি বাস্তবে হবে কিনা, সে ক্ষেত্রে ঢাকার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি অমীমাংসিত বিষয়। এসব বিষয়ে অগ্রগতি সফরের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে মোদিও দ্রুত প্রতিক্রিয়া জানান। দুই নেতার এই বার্তা বিনিময় সফরের তারিখ দ্রুত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

তবে তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় নিয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। দুই পক্ষই এ বিষয়ে প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *