নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ‘নজরুল বর্ষ ২০২৬–২৭’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’।

রোববার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষা ঋতুকে নিয়ে রচিত কালজয়ী গান, কবিতা ও সাহিত্যের নান্দনিক পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

বক্তব্যে অতিথিবৃন্দ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশালতা ও বৈচিত্র্যের ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, নজরুলের গান ও কবিতায় বর্ষার যে অনবদ্য রূপ ফুটে উঠেছে, তা বাংলা সংস্কৃতির অন্যতম সম্পদ। নজরুল বর্ষের এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে কবির অসাম্প্রদায়িক ও সংগ্রামী চেতনাকে আরও বেগবান করবে।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুলের বর্ষাবিষয়ক গানের সুরেলা পরিবেশনা ও আবৃত্তি উপস্থিত দর্শকদের নজর কাড়ে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *