নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি করার অভিযোগে চাকরি হারানো পুলিশ সদস্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিপুল অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক এএসআই মামুন সিরাজুল হকের বিরুদ্ধে। তিনি প্রায় ৭০ জন চাকরিচ্যুত পুলিশ সদস্যের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো একাধিক পুলিশ সদস্য অভিযোগ করে বলেন, তাদের ফোন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। এ আশ্বাসে তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে ৫ থেকে ১০ লাখ টাকার চেক ও স্ট্যাম্প নেওয়া হয়েছে। আবার কারও কাছ থেকে ৫০ হাজার, কারও কাছ থেকে ৯ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
তাদের দাবি, টাকা নেওয়ার পর চাকরি ফিরে পাওয়ার বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অনেকে টাকা ফেরত চাইলে তাদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, মামুন সিরাজুল হক কখনো নিজের বাড়ি বগুড়া, আবার কখনো সিরাজগঞ্জ বলে পরিচয় দেন। এছাড়া তিনি নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় বলেও পরিচয় দেন বলে অভিযোগ করেছেন তারা।
চাকরি ফিরে পাওয়ার আশায় টাকা দেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কোনো ব্যবস্থা না হওয়ায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে মামুন সিরাজুল হকের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।