নারায়ণগঞ্জে ডিবির সাঁড়াশি অভিযান: ৩৪ মামলার আসামি কুখ্যাত ডাকাত সাদ্দাম গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও ৩৪টি মামলার দুর্ধর্ষ আসামি মোঃ সাদ্দামকে (৩৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি, ২০২৬) দিবাগত রাত ২:৩০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাফুরদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর বিশেষ দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম হোসেনের সরাসরি তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাফুরদী এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে কব্জা করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মোঃ সাদ্দাম সোনারগাঁও থানার হাবিবপুর এলাকার মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে। তার মায়ের নাম মৃত আমেনা বেগম। পুলিশ জানিয়েছে, সাদ্দাম একজন পেশাদার অপরাধী এবং আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম মূলহোতা। সে তার সহযোগীদের নিয়ে দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে বসতবাড়ি, মহাসড়ক ও বিভিন্ন মিল-কারখানায় ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

সাদ্দামের অপরাধের খতিয়ান অত্যন্ত দীর্ঘ। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, হত্যা, চুরি, মারামারি, অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দ্রুত বিচার আইনসহ বিভিন্ন ধারায় মোট ৩৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘ দিন পলাতক থেকে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

সাদ্দামের গ্রেফতারের খবরে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের দমনে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *