নারায়ণগঞ্জে ‘দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক তরুণ কেন্দ্রিক আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে নতুন বাংলাদেশ গঠনে দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক এই আলোচনা সভা আয়োজিত হয়। নারায়ণগঞ্জ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন। তিনি বক্তব্যে জেলার তরুণ প্রজন্মের আশা ও আকাঙ্খা বাস্তবায়নে বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। মো. আলমগীর হুসাইন শিক্ষার্থীদের বলেন, “চাকরির পিছনে দৌড়ানো নয়, নিজের উদ্যোগ ও দক্ষতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দেশের উন্নয়নে তরুণরাই মূল চালিকা শক্তি। তরুণদের উদ্যম, সৃজনশীল চিন্তা ও অদম্য মনোবলই নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা এবং নারায়ণগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার। সভায় নারায়ণগঞ্জ কলেজের শিক্ষকবৃন্দ এবং প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আরও বলা হয়, স্বপ্ন দেখা হলো পরিবর্তনের প্রথম ধাপ। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রয়োজন দৃঢ় পদক্ষেপ, অব্যাহত প্রচেষ্টা এবং উদ্যোক্তা মনোভাব। তরুণদের প্রতিটি উদ্যোগ, উদ্ভাবনী চিন্তা ও সামাজিক সচেতনতা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখবে। তিনি শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করেন এবং সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্বগুণের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার গুরুত্বের উপর জোর দেন।

আলোচনা সভার মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজের প্রতিভা, উদ্যম ও নৈতিক মূল্যের প্রতিফলন ঘটিয়ে দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *