নারায়ণগঞ্জে বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের কুতুবপুরে বায়ুদূষণের দায়ে তিনটি রোলিং মিলকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর এলাকায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নন্দলালপুর এলাকায় কয়েকটি রোলিং মিলের কারণে বায়ুদূষণ হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ধারা ৮(ঋ) লঙ্ঘনের দায়ে আক্তার ইস্পাত রোলিং মিল, আল বারাকা স্টীল রি-রোলিং মিলসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিম, র‍্যাব এবং ফতুল্লা মডেল থানার একটি চৌকস দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সার্বিকভাবে সহযোগিতা করে।

প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বায়ুদূষণসহ সব ধরনের পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *