নিষিদ্ধ দলের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং ডিসেম্বরকে ঘিরে যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিবিপ্রধান বলেন, আইন দ্বারা যেসব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড দেশে করতে দেওয়া হবে না। বিশেষ করে ঢাকা মহানগরীতে বসবাসরত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে তারা সজাগ ও সচেষ্ট রয়েছেন।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, আইন দ্বারা নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।

তিনি বলেন, নিষিদ্ধ কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

ডিবিপ্রধান আরও জানান, এ বিষয়ে গ্রেপ্তার অভিযানও চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *