নেতানিয়াহু-আইজেনকোটের নীতিতে সাদৃশ্য রয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতিগত অবস্থানে যথেষ্ট মিল রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৮ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ ইয়াশার পার্টির চেয়ারম্যান ও বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ খবর প্রকাশের পর হোয়াইট হাউসে সাংবাদিকরা ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান।

জবাবে ট্রাম্প বলেন, নীতিগত দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু খুবই সাদৃশ্যপূর্ণ। আইজেনকোট তাঁর সম্পর্কে ভালো কথা বলেছেন এবং তাঁকে পছন্দ করেন বলেও জানিয়েছেন। তবে ইসরায়েলে বর্তমানে কী ঘটছে, তা তিনি পুরোপুরি জানেন না বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এটি আইজেনকোট ও নেতানিয়াহুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। এখন কী হয়, তা দেখার বিষয়।

গত মাসে ইসরায়েলের ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট এবং গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন চেঞ্জ জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এ ছাড়া ইসরায়েলের আরব মুসলিমদের দুই দল জয়েন্ট আরব লিস্ট ও রা’আম পার্টিও নির্বাচনে অংশ নেয়।

নির্বাচনের ফল অনুযায়ী, লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন এবং আইজেনকোটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। বাকি ১৯টি আসনের মধ্যে জয়েন্ট আরব লিস্ট ১১টি এবং রা’আম পার্টি আটটি আসনে জয়ী হয়েছে। ফলে কোনো দল বা জোট এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এ অবস্থায় রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হলেও দুই আরব দল জানিয়েছে, তারা ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গাদি আইজেনকোটকে দেখতে চায়।

নির্বাচনের আগে ট্রাম্প নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছিলেন। তবে সে সময় আইজেনকোট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা তাঁর সমর্থনের সমালোচনা করেননি।

নির্বাচনী প্রচারে আইজেনকোট নেতানিয়াহুর থেকে নিজেকে আলাদা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর তিনি নেতানিয়াহুর বিদায়ী জোট সরকারের তুলনায় আরও মধ্যপন্থী সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন। বিদায়ী সরকারে কট্টর ডানপন্থী ও অতি-অর্থোডক্স দলগুলো অন্তর্ভুক্ত ছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *