মোহাম্মদ হোসেন হ্যাপী:
ফতুল্লা রেললাইন থেকে পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম
পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে প্রায় ৬০০ কাব স্কাউট। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
এদিন ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ কাব স্কাউট স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়। তারা সড়কের পাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে।
কার্যক্রমে উপস্থিত থেকে কাব স্কাউটদের উৎসাহিত করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপজেলা স্কাউটসের সদস্য, স্কাউট লিডার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার প্রতিরোধ, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার গুরুত্ব বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের সামাজিক ও পরিবেশগত কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে শৈশব থেকেই পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অভিযান চলাকালে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাব স্কাউটদের এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নারায়ণগঞ্জ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার এবং নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতাকে শুধু নির্দিষ্ট দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে স্থায়ী সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।