পাবলিক প্রকিউরমেন্ট সংশোধনী অধ্যাদেশের খসড়া অনুমোদন

অনলাইন ডেস্ক

‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। রবিবার সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে খসড়াটি অনুমোদন করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, ক্রয়কার্যে প্রতিযোগিতা বৃদ্ধি এবং ক্রয় চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালী আধুনিকায়ন এবং টেকসই ক্রয়ব্যবস্থার জন্য পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ে নির্ণায়কের অনুপাতভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। আন্তর্জাতিকভাবে প্রচলিত ‘রেডেট ক্রাইটেরিয়া’ ধারণার সমার্থক এই মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

খসড়ায় সম্পদের সুষম বিস্তারের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ, পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান স্পষ্টীকরণ এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থার সুযোগ রাখার বিষয়েও প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয়ব্যবস্থায় এসব যুগোপযোগী পরিবর্তন আনার লক্ষ্যেই ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

খসড়া অধ্যাদেশটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *