মোঃ সোহেল:
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে হাটহাজারীর জামিয়া অদুদিয়া মাদরাসা মাঠে ভাবগাম্ভীর্যপূর্ণ এই আয়োজন অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাসির উদ্দিন।
মীর মোহাম্মদ নাসির উদ্দিনের বক্তব্য
দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়ে এই সংগ্রামকে এগিয়ে নিয়েছেন। তাঁর মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের শপথও। হাটহাজারীর মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন,
“দেশের গণতন্ত্র আজ চরম সংকটে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে আন্দোলন করেছে এবং আগামীতেও করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমি হাটহাজারী ও বায়েজিদ এলাকার মানুষের পাশে থাকতে চাই। ধানের শীষ প্রতীক শুধু একটি প্রতীক নয়—এটি স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ এই আসনে গণমানুষের বিজয় নিশ্চিত হবে।”
বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দোয়া মাহফিলটি বিশাল জনসমাবেশে রূপ নেয়। এই আয়োজনের মধ্য দিয়ে হাটহাজারীজুড়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়।
এতে হাটহাজারী উপজেলা, পৌরসভা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।