পুঁজিবাজারে বিদেশি লেনদেন চার বছরের সর্বোচ্চ, বেড়েছে ২৫ শতাংশ

অর্থনীতি ডেস্ক :

দেশের পুঁজিবাজারে ২০২৫-২৬ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন চার বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের মোট শেয়ার কেনাবেচার পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৩ কোটি ৯ লাখ টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৯৪৩ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশি লেনদেন প্রায় এক হাজার কোটি টাকা বেড়েছে। ২০২১-২২ অর্থবছরের পর এটিই বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ লেনদেন।

তবে লেনদেনের পরিমাণ বাড়লেও অর্থবছরের অধিকাংশ সময় বিদেশি বিনিয়োগকারীরা নিট বিক্রেতা ছিলেন। অর্থাৎ তারা যত টাকার শেয়ার কিনেছেন, তার চেয়ে বেশি মূল্যের শেয়ার বিক্রি করেছেন। ফলে দেশের পুঁজিবাজার থেকে বিদেশি মূলধনের বহির্গমন পুরোপুরি থামেনি।

বাজারসংশ্লিষ্টদের মতে, অর্থবছরের শুরুতে রাজনৈতিক অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগকারীদের সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলেছিল। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তা এবং সামষ্টিক অর্থনীতির বিভিন্ন ঝুঁকির কারণে নির্বাচনের আগে বিদেশিদের বিক্রির চাপ বেড়ে যায়।

তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। এর প্রভাবেই অর্থবছরের শেষদিকে তাদের অংশগ্রহণ ও লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *