পুনর্বাসনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ, বিক্ষোভে বস্তিবাসী

গাজীপুর প্রতিনিধি  ::

গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বস্তিবাসী। এ কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর টঙ্গী উড়াল সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাজীর মাজার বস্তি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বস্তিবাসী। মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে গিয়ে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।

এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে বস্তিবাসীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বস্তিবাসীদের অভিযোগ, কয়েকজন মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বস্তিবাসীরা বলেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ করা হলে তারা তা মেনে নেবেন না। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল হোসেন জানান, বিক্ষোভকারীরা দীর্ঘ সময় সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *