পুরো পশ্চিম তীর ইসরাইলের ভূখণ্ড দাবি বেন-গভিরের

আন্তর্জাতিক ডেস্ক:

পুরো পশ্চিম তীরকে ইসরাইলের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সম্প্রতি ইসরাইলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অসলো চুক্তির আওতায় পশ্চিম তীরকে ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিন অঞ্চলে ভাগ করা হলেও এর মধ্যে কোনো পার্থক্য নেই; পুরো ভূখণ্ডই ইসরাইলের।

১৯৯৫ সালের অসলো-২ চুক্তির আওতায় পশ্চিম তীরকে ‘এ’, ‘বি’ ও ‘সি’ অঞ্চলে ভাগ করা হয়েছিল। ওই ব্যবস্থায় ‘এ’ এলাকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ, ‘বি’ এলাকায় ফিলিস্তিনি বেসামরিক ও ইসরাইলি নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং ‘সি’ এলাকায় ইসরাইলের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

সাক্ষাৎকারে বেন-গভির আরও বলেন, ভবিষ্যতে তিনি প্রতিরক্ষামন্ত্রী হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভেঙে দেওয়ার উদ্যোগ নেবেন। একই সঙ্গে পশ্চিম তীর ও গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া পরিচালনার কথাও বলেন তিনি।

ইসরাইলি সেনাদের ব্যবহারের বিষয়ে বেন-গভির বলেন, সেনাদের যত বেশি গুলি চালানো ও শক্তি প্রয়োগের অনুমতি দেওয়া হবে, তত কম জনবল প্রয়োজন হবে। দায়িত্ব পেলে তিনি সেনাদের ওপর থাকা বিভিন্ন বিধিনিষেধ তুলে দেওয়ার কথাও বলেন।

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে বেন-গভিরের এসব বক্তব্য সামনে এসেছে। তাঁর সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে দেশটির নির্বাচনী প্রচারণায়ও আলোচনা চলছে।

মিডলইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে ইসরাইলি রাজনীতিতে ফিলিস্তিনি ভূখণ্ড ও পশ্চিম তীরের প্রশ্নটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বেন-গভির এর আগেও পশ্চিম তীর ও ফিলিস্তিনিদের বিষয়ে কঠোর অবস্থানের কথা প্রকাশ্যে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *