প্যারাশুট নাকি হেলিকপ্টার হাসিনাকে রিজভীর প্রশ্ন

অনলাইন ডেস্ক:

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্যারাশুটে নামবেন, নাকি হেলিকপ্টারে? ঢাকায় নামবেন, নাকি গোপালগঞ্জে?

রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, শহীদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার কথা বলছেন। তিনি দেশে ফিরতে পারেন, তবে তাঁর বিরুদ্ধে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। গণতান্ত্রিক আন্দোলনে আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা নাকি ডিসেম্বরে দেশে ফিরবেন। তাহলে আবু সাঈদদের হত্যার বিচার হবে না? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার শাসনামলে ছাত্র, তরুণ, শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষ রক্ত দিয়ে তাঁর পতন ঘটিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পেছনে ৭ নভেম্বরের প্রেরণা ছিল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, ১৯৯০ সাল ও ২০২৪ সালের জুলাইয়েও এ দেশের মানুষ একইভাবে জেগে উঠেছিল। জাতীয়তাবাদী শক্তির নেতা-কর্মীরা ৭ নভেম্বরের চেতনায় সতর্ক রয়েছেন। বাংলাদেশকে কারও সেবাদাস হতে দেওয়া হবে না।

বিএনপির রাজনীতি প্রসঙ্গে রিজভী বলেন, তাঁদের রাজনীতি সহজ-সরল পথের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁদের অঙ্গীকার ভঙ্গ করেননি। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিশ্রুতি থেকে সরে আসেননি বলে দাবি করেন তিনি। তবে কিছু রাজনৈতিক দল ইসলামের নামে রাজনীতি করলেও কথায় কথায় প্রতিশ্রুতি ভঙ্গ করে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *