কামরুল ইসলাম:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাঁর এই চট্টগ্রাম সফরকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী থেকে সামরিক উড়োজাহাজে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তিনি সড়কপথে নগরের রহমতগঞ্জ এলাকার জে এম সেন হলের পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে পূজামণ্ডপ পর্যন্ত সড়কে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পথে সড়কের দুই পাশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানাতে জড়ো হন। এ সময় গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন। সেখানে তিনি শারদীয় দুর্গাপূজার আয়োজন ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গাপূজার এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পূজামণ্ডপ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের পর চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কর্মসূচি ছিল তাঁর। দলীয় সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। সব কর্মসূচি শেষে রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা।
এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি রাজশাহীতে যান। সেখানে ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন। রাজশাহীর কর্মসূচি শেষ করে তিনি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে রহমতগঞ্জ ও জে এম সেন হলের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত ৯ আগস্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। ওই সফরে তিনি চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এর ধারাবাহিকতায় এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে আসেন তিনি।