ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি আধুনিক ও পরিকল্পিত ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
বুধবার (১২ আগস্ট) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে ফটিকছড়ির বিনিয়োগ সম্ভাবনা, শিল্পায়নের সুযোগ, স্থানীয় সম্পদ এবং সম্ভাবনাময় বিভিন্ন খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ফটিকছড়িতে একটি আধুনিক ইকোনমিক জোন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও পরিকল্পনার কথা বিডা চেয়ারম্যানের কাছে তুলে ধরেন এমপি সরোয়ার আলমগীর।
সাক্ষাতে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ফটিকছড়ির সম্ভাবনা যাচাইয়ে দ্রুত একটি কমিটি গঠন এবং সার্ভে টিম পাঠানোর মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের আশ্বাস দেন।
এমপি সরোয়ার আলমগীর বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে এগিয়ে নিতে বিডা চেয়ারম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সাক্ষাতে তিনি ফটিকছড়ির বিপুল বিনিয়োগ সম্ভাবনার বিষয়টি তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, ফটিকছড়িতে একটি আধুনিক ইকোনমিক জোন প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, বিডার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সেই উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সার্ভে ও পরবর্তী কার্যক্রম দ্রুত সম্পন্ন করে উদ্যোগটি বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, ফটিকছড়িতে ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির প্রসার ঘটবে।