ফটিকছড়িতে ৫৮ শতক খরিদা টিলাভূমি জবরদখলের অভিযোগ যুবলীগ নেতা নুরুল আফছারের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার:

ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে এক অসহায় ব্যক্তির ৫৮ শতক খরিদা টিলাভূমি জবরদখল, সীমানার বেড়া ভাঙচুর এবং ফলজ ও বনজ গাছের চারা কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে ২ নম্বর দাঁতমারা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আফছার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী মোহাম্মদ ইসমাইল (পিতা: নুরুল ইসলাম), হেঁয়াকো মুসলিমপাড়া, ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন স্ট্যাম্পমূলে ক্রয় করা ৫৮ শতক টিলাভূমি ৫ আগস্টের পর নুরুল আফছার ও তাঁর সহযোগীরা সীমানার বেড়া ভেঙে জবরদখল করেন।

অভিযোগে আরও বলা হয়, ওই জমিতে ইসমাইলের রোপণ করা বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা কেটে ও নষ্ট করে আনুমানিক চার লাখ টাকারও বেশি ক্ষতিসাধন করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ ইসমাইল বাদী হয়ে গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ এবং ২১ নভেম্বর ২০২৬ তারিখে পৃথক দুটি অভিযোগ ভূজপুর থানায় দায়ের করেছেন বলে জানা গেছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হেঁয়াকো বাজারে সংসদ সদস্য সারোয়ার আলমগীরের গাড়িবহরে হামলার মামলায় (ধারা নং-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৫০৫/৩৪ পেনাল কোড) গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে ভূজপুর থানা পুলিশ যুবলীগ নেতা নুরুল আফছারকে গ্রেপ্তার করে চট্টগ্রাম কারাগারে পাঠায়। পরবর্তীতে জামিনে মুক্ত হওয়ার পর জমি জবরদখলের অভিযোগ দায়ের করাকে কেন্দ্র করে অভিযোগকারী মোহাম্মদ ইসমাইলকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তাঁর খরিদা জমি থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

এদিকে, অভিযোগের বিষয়ে ভূজপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ভুক্তভোগী মোহাম্মদ ইসমাইল তাঁর ক্রয়কৃত জমির নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং প্রাণনাশের হুমকি থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *