মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিজানুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল গত ৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন হাজীগঞ্জ ওয়াবদারপুল ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ মিজানুর রহমান (২৮)কে আটক করে পুলিশ। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধুমাইটারী এলাকার মোখলেসুর মিয়ার ছেলে এবং জাহানারা বেগমের সন্তান। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ইসদাইর বুড়ির দোকান এলাকায় জনৈক ফয়সালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অভিযানকালে তার কাছ থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত মিজানুর রহমানের নামে একাধিক মাদক মামলা রয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।