মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মিলি আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে ফতুল্লা মডেল থানাধীন পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি আভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা মডেল থানার এসআই (নিরস্ত্র) মিলন ফকিরসহ পুলিশের সদস্যরা।
অভিযানকালে পলাশের বাড়ির একটি কক্ষ থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় মিলি আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মিলি আক্তার ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মালি গ্রামের সেলিম হোসেন ও শান্তা বেগমের মেয়ে এবং তার স্বামী মিলন। তিনি বর্তমানে ফতুল্লার পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি আক্তার তার বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাখার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ৪৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের অবৈধ সংরক্ষণ, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।