মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ আসমা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার আসমা বেগমের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার গুদারাঘাট টোল আদায় ঘরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ৪ কেজি গাঁজাসহ আসমা বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসমা বেগম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন নয়াপুর (ডাকঘর-বরাব) এলাকার বাসিন্দা। তিনি ইলিয়াসের স্ত্রী। তাঁর পিতার নাম মৃত আবু কালাম এবং মাতার নাম সবুজা বেগম।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসমা বেগমের পূর্ববর্তী অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধি এবং যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।