ফতুল্লা থানা পুলিশ কর্তৃক অপহরণ মামলার আসামি লাল শুভ নীলফামারী জেলা থেকে গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি অপহরণ মামলার পলাতক আসামি আল আমিন ইসলাম শুভ ওরফে লাল শুভকে নীলফামারী জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত ০৬ এপ্রিল ২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটে ফতুল্লা থানা পুলিশের একটি আভিযানিক দল নীলফামারী সদর থানার জুম্মারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ ২০২৬ খ্রিঃ সন্ধ্যা আনুমানিক ৬টা ০০ মিনিটে শুভ (২১), পিং- মোঃ সোহেল, সাং- পূর্ব ইসদাইর, রসুলবাগ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ ইসদাইর রেললাইন সংলগ্ন এলাকা থেকে অপহৃত হয়। এ ঘটনায় ভিকটিমের মা মাকসুদা বেগম (৩৯) ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মিলন ফকির জানান, মামলার তদন্ত চলাকালে ইতোমধ্যে এজাহারনামীয় আসামি সাব্বির (২১), রাজ্জাক (৫০) এবং ওয়াসিম (২৩)-কে ০২ এপ্রিল ২০২৬ খ্রিঃ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পলাতক আসামি লাল শুভকে নীলফামারী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আল আমিন ইসলাম শুভ ওরফে লাল শুভ (২৪), পিতা- মৃত মোঃ খলিল, মাতা- শিল্পী বেগম, সাং- মাসদাইর (বেকারির মোড়), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর আসামিকে ফতুল্লা থানায় আনা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দ্রুত সব আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *