নিজস্ব প্রতিনিধি: ফিজিতে পাঠানোর কথা বলে তিন ব্যক্তির কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা নেওয়ার পরও তাঁদের বিদেশে পাঠাতে না পারা এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা ঢাকার উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, অভিযোগকারীরা হলেন—নাজমুল হাসান (৪১), বাবুল (৪১) ও মো. রাজা মিয়া (৩৬)। তাঁদের দাবি, এক পরিচিত বন্ধুর মাধ্যমে অভিযুক্ত মনিরুল ইসলামের সঙ্গে তাঁদের পরিচয় হয়। পরে বিদেশে, বিশেষ করে ফিজিতে লোক পাঠানোর বিষয়ে তাঁর সঙ্গে তাঁদের আলোচনা হয়।
অভিযোগে বলা হয়েছে, ফিজিতে পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৭ লাখ টাকা করে নেওয়ার কথা হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে নগদে মোট ১৪ লাখ টাকা পরিশোধ করেন তাঁরা। পাশাপাশি ফিজিতে যাওয়ার প্রক্রিয়ার জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্রও অভিযুক্তের কাছে জমা দেওয়া হয়। সব মিলিয়ে অভিযুক্তের কাছে তাঁদের প্রায় ২১ লাখ টাকা পাওনা রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
নির্ধারিত সময় পার হয়ে গেলেও অভিযুক্ত তাঁদের ফিজিতে পাঠাতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে টাকা ফেরত চাওয়া হলে তিনি বিভিন্ন সময়ে নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। এমনকি পাসপোর্ট ফেরত পাওয়ার পরও তাঁদের পাওনা টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
পাওনা টাকা ফেরতের নিশ্চয়তা হিসেবে গত ২৬ মে ২০২৬ অভিযুক্ত তাঁদের একটি জমির দলিল দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এক মাসের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে ওই জমি তিনজনের নামে রেজিস্ট্রি করে দেওয়া অথবা জমি বিক্রি করে পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগকারীদের দাবি। তবে নির্ধারিত সময় পার হলেও টাকা পরিশোধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে অভিযুক্ত বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে তাঁরা নিজেদের নিরাপত্তা এবং পাওনা টাকা ফেরত পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অভিযোগকারীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের পাওনা টাকা উদ্ধারে সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন জানিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. মনিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।