স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন হাড়িবাড়িটেক এলাকায় এক গৃহবধূকে তাঁর শ্বশুর ধর্ষণ করেছেন—এমন অভিযোগের বিষয়টি পাঁচ হাজার টাকার বিনিময়ে স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক শিকদারের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করে তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নামে মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
সম্প্রতি ‘গাজীপুর সিটি করপোরেশন নিউজ’ নামের একটি ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, হাড়িবাড়িটেক এলাকায় এক গৃহবধূকে তাঁর শ্বশুর ধর্ষণের অভিযোগের বিষয়টি পাঁচ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করে দিয়েছেন বিএনপি নেতা ফারুক শিকদার।
ফারুক শিকদার জানান, প্রকাশিত পোস্টের বিষয়ে তিনি সিনিয়র বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে পূবাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ নভেম্বর দুপুর ১২টা ৫৪ মিনিটে পূবাইল কলেজগেট এলাকায় অবস্থানকালে ফেসবুকে ওই পোস্টটি দেখতে পান। সেখানে তাঁকে জড়িয়ে ধর্ষণের অভিযোগ পাঁচ হাজার টাকায় মীমাংসার কথা বলা হয়েছে। অথচ এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং কোনো সালিশ বা বিচারে অংশ নেননি বলে দাবি করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, ওই পোস্টের কারণে তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং হয়রানির শিকার হচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে পোস্ট প্রকাশের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
এদিকে, সংশ্লিষ্ট গৃহবধূও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
গৃহবধূর খালা জানান, ঘটনার সময় রোজী তাঁর সঙ্গে ছিলেন। তাঁর দাবি, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে কেন অপপ্রচার চালানো হয়েছে, তা খতিয়ে দেখে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।