বিনোদন ডেস্ক ::
মুক্তির প্রথম দিনেই বিশ্ব বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। উত্তর আমেরিকার প্রিভিউ শো এবং আন্তর্জাতিক বাজার মিলিয়ে সিনেমাটি প্রথম দিনেই প্রায় ৩ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকার সমান।
আন্তর্জাতিক বক্স অফিস সূত্রে জানা গেছে, উত্তর আমেরিকায় প্রিভিউ শো থেকেই সিনেমাটি আয় করেছে ১ কোটি ৭৬ লাখ ডলার। চলতি বছরে এটিই সর্বোচ্চ প্রিভিউ আয়ের রেকর্ড। এর আগে ‘টয় স্টোরি ৫’ প্রিভিউ থেকে আয় করেছিল ১ কোটি ৭৫ লাখ ডলার।
অন্যদিকে, উত্তর আমেরিকার বাইরে বিশ্বের ৭৩টি আন্তর্জাতিক বাজার থেকে আরও ২ কোটি ২২ লাখ ডলার আয় করেছে ‘দ্য ওডিসি’। বর্তমানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ১৩ হাজার ৩০০টির বেশি প্রেক্ষাগৃহে প্রায় ২৫ হাজার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
ইউরোপ ও ওশেনিয়ার বিভিন্ন দেশেও দাপট দেখিয়েছে নোলানের নতুন এই সিনেমা। শুধু ফ্রান্স থেকেই এসেছে প্রায় ৫০ লাখ ডলার, অস্ট্রেলিয়া থেকে ৩৭ লাখ ডলার এবং ইতালি থেকে ২৫ লাখ ডলার আয়। এছাড়া মেক্সিকো, জার্মানি ও ব্রাজিলেও নোলানের আগের সিনেমাগুলোর উদ্বোধনী আয়ের রেকর্ড ভেঙেছে ‘দ্য ওডিসি’।
বাংলাদেশেও মুক্তির প্রথম দিনেই দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। বাংলাদেশ মুভি রিপোর্ট (বিএমআর)-এর তথ্য অনুযায়ী, দেশের মাল্টিপ্লেক্সগুলোতে চলতি বছরের সর্বোচ্চ উদ্বোধনী আয় করেছে ‘দ্য ওডিসি’। প্রথম দিনেই স্টার সিনেপ্লেক্সসহ বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটির আয় হয়েছে প্রায় ৩৮ লাখ টাকা।
শুক্রবার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির মোট ৪৯টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২১টি শো ছিল হাউসফুল, আরও ৩টি শো ছিল প্রায় পূর্ণ। দিন শেষে গড় দর্শক উপস্থিতি (অকুপেন্সি) ছিল ৬৬ শতাংশ।
ভারতের বক্স অফিসেও শক্ত অবস্থান তৈরি করেছে ‘দ্য ওডিসি’। মুক্তির প্রথম দিন দেশটিতে সিনেমাটির মোট (গ্রস) আয় হয়েছে ২০ কোটি ৭৬ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি টাকা। সব ভাষা মিলিয়ে নিট আয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৪০ লাখ রুপি।
ভারতে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু—এই চার ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এর মধ্যে শুধু ইংরেজি সংস্করণ থেকেই এসেছে ১৩ কোটি ৭৫ লাখ রুপি, যা মোট আয়ের বড় অংশ।
হোমারের বিখ্যাত গ্রিক মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। ট্রয় যুদ্ধ শেষে রাজা ওডেসিয়াসের নিজ রাজ্য ইথাকায় ফেরার দীর্ঘ, বিপজ্জনক ও রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি।
চলচ্চিত্রটিতে ওডেসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ড্যামন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া এবং শার্লিজ থেরনসহ হলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা।
ডিএ