বড় পর্দায় প্রথমবার নিশো-মেহজাবীন, আসছে ‘পুলসিরাত’

টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার একসঙ্গে হাজির হতে যাচ্ছেন বড় পর্দায়। দীর্ঘদিন ধরে নাটকে দর্শকদের প্রশংসা পাওয়া এই জুটিকে এবার দেখা যাবে ভিন্ন গল্প ও ভিন্ন পরিসরে।

ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ সিনেমায় জুটি বাঁধছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। চলতি বছরের জানুয়ারিতে সিনেমাটির নাম নিবন্ধনের খবর প্রকাশ্যে এলেও তখনও অভিনয়শিল্পী হিসেবে তাদের দুজনের নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

তবে সোমবার দিবাগত রাতে প্রযোজক শাহরিয়ার শাকিল নিশো ও মেহজাবীনের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ওই পোস্টের পর বড় পর্দায় জনপ্রিয় এই জুটির একসঙ্গে অভিনয়ের বিষয়টি অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রযোজনা-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘পুলসিরাত’-এর প্রাথমিক প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী জানুয়ারির শুরুতে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। টানা এক মাসের শুটিংয়ে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করার প্রস্তুতি চলছে।

সিনেমাটির মুক্তি নিয়েও রয়েছে বিশেষ পরিকল্পনা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগামী রোজার ঈদকে লক্ষ্য করেই সিনেমাটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। জানুয়ারিতে শুটিং শেষ করে ফেব্রুয়ারিতে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মার্চে ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।

‘পুলসিরাত’ মুক্তি পেলে এর মাধ্যমে বড় পর্দায় জুটি হিসেবে অভিষেক হবে আফরান নিশো ও মেহজাবীনের। একই সঙ্গে চলচ্চিত্র নির্মাতা হিসেবে ভিকি জাহেদেরও বড় পর্দায় অভিষেক ঘটবে।

সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটির প্রযোজনায় বেশ কয়েকটি আলোচিত ও সফল সিনেমা মুক্তি পেয়েছে। ফলে নতুন এই সিনেমা ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে ভিকি জাহেদের নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এর মতো দর্শকপ্রিয় নাটক ও ওয়েব সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ছোট পর্দায় তাদের রসায়ন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এবার সেই পরিচিত জুটিকে বড় পর্দায় নতুন গল্প ও নতুন চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ‘পুলসিরাত’ শেষ পর্যন্ত কেমন গল্প নিয়ে হাজির হয় এবং নিশো-মেহজাবীনের জুটি বড় পর্দায় কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *