বরুড়ায় জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদারের বাড়িতে হত্যার হুমকির চিঠি

নিজস্ব প্রতিবেদক, বরুড়া (কুমিল্লা)

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি মো. আবু বাকের মজুমদারকে হত্যার হুমকি দিয়ে তাঁর কুমিল্লার বরুড়া উপজেলার গ্রামের বাড়িতে একটি খোলা চিঠি ও কিছু সরঞ্জাম রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাতেশ্বর গ্রামে বাকের মজুমদারের বাড়ির এক কোনায় অজ্ঞাত ব্যক্তিরা একটি বাক্স রেখে যায়। বাক্সের ভেতরে ছিল আগরবাতি ও মৃত ব্যক্তির সৎকারে ব্যবহৃত কিছু সরঞ্জাম। সঙ্গে ছিল একটি খোলা চিঠি। চিঠিটি প্রথম দেখতে পান তাঁর চাচাতো ভাই।

চিঠিতে নিজেদের “জঙ্গি গোষ্ঠীর অধিনায়ক” পরিচয় দিয়ে “জরুরি ঘোষণা” শিরোনামে বাকের মজুমদারকে সতর্ক করা হয়েছে। ভাষা অসংলগ্ন ও বানান ভুলে ভরা এ চিঠিতে বলা হয়েছে, তাঁকে “শেষ সংবাদ” দেওয়া হচ্ছে এবং তাঁকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তাঁর পুরো এলাকা চিনে রাখার কথা জানিয়ে তাঁকে “কবরে পাঠানো”র হুমকিও দেওয়া হয়েছে। চিঠির শেষাংশে শেখ হাসিনার ফিরে আসা ও “জয় বঙ্গবন্ধু” স্লোগানের উল্লেখ রয়েছে।

স্থানীয় বাসিন্দা রাসেল বলেন, মজুমদার বাড়ির কোনায় একটি বাক্স পড়ে ছিল। তাতে আগরবাতি, মৃত্যুপরবর্তী আচারে প্রয়োজনীয় সামগ্রী এবং এই চিঠি পাওয়া যায়। তিনি আরও বলেন, “বাকের মজুমদার আমাদের ছোট ভাই। জুলাই গণ-অভ্যুত্থানে তাঁর বিশেষ অবদান রয়েছে, আমরা তাঁকে নিয়ে গর্ব করি। সেই অবদানের কারণেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাঁকে হত্যার হুমকি দিয়েছে। আমরা তাঁর পাশে ছিলাম, আছি, থাকব।”

ঘটনার প্রতিক্রিয়ায় ফেসবুকে এক পোস্টে ইসহাক ইমন লেখেন, এসব পুরোনো কৌশল দিয়ে বিপ্লবীদের দমিয়ে রাখা যাবে না। আবু বাকের মজুমদার বরুড়ার গর্ব উল্লেখ করে তিনি তাঁর পাশে থাকার অঙ্গীকার করেন।

কে এই আবু বাকের মজুমদার?আবু বাকের মজুমদার দেশের পরিচিত ছাত্রনেতা। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি অন্যতম সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেন এবং আন্দোলনের সময় নানাভাবে নির্যাতনের শিকার হন। এর আগে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য সচিব ছিলেন। পরে নতুন ছাত্র সংগঠন গঠনের সঙ্গে যুক্ত হয়ে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে আসেন। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে তিনি সংগঠনটির সভাপতি নির্বাচিত হন।

বরুড়ার সন্তান বাকেরের বাবা মৃত মোজাম্মেল হোসেন মজুমদার ব্যবসায়ী, মা রাজিয়া সুলতানা। স্থানীয় বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকার বিসিআইসি কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত এবং ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী।

২০২৫ সালের ৭ সেপ্টেম্বর বিরোধীদলীয় চিফ হুইপ তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বাকের মজুমদারকে “জুলাই বিপ্লবের সংগঠক” আখ্যা দিয়ে লিখেছিলেন, গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস লেখা হলে জাতি তাঁর ভূমিকা জানতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *