রুবেল হোসেন:
কুমিল্লার বরুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমির আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহে আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া জামান নিতু, উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ফয়সাল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন ভূঁইয়া এবং বরুড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার।
অনুষ্ঠানে বক্তব্য দেন দেওড়া গ্রাম সমবায় সমিতির সভাপতি মো. তোফায়েল আমির, সমবায় সমিতির সভাপতি মো. আবুল কাশেম, বরুড়া পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বরুড়া উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার, খোশবাস দক্ষিণ ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আবদুর রব, খারুল গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, দেওড়া সূর্য উদয়ন সমবায় সমিতির সহসভাপতি সুলতান আহমেদ খন্দকার, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. শাহ ইমরান এবং গালিমপুর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতির সভাপতি মো. আলী ইমাম।
বক্তারা বলেন, বিভিন্ন সময়ে সমবায় অধিদপ্তরের নিবন্ধনের মাধ্যমে এলাকাভিত্তিক সমবায় সমিতি গড়ে উঠলেও নানা প্রতিকূলতা ও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে অনেক সমিতি বিলুপ্তির পথে। কৃষক ও দিনমজুরদের শ্রমে গড়ে ওঠা এসব সমিতি একসময় অসহায় মানুষের কল্যাণ, শিক্ষার মানোন্নয়ন, কৃষকের উন্নয়ন, মাদক প্রতিরোধ, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তাঁরা আরও বলেন, কিছু এলাকায় সমবায় সমিতি বিলুপ্ত হয়ে যাওয়ায় সাধারণ মানুষ এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সরেজমিন তদন্তের মাধ্যমে সমবায় সমিতিগুলোকে পুনরুজ্জীবিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন বক্তারা।