বরুড়ায় দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শনে ইউএনও, এলাকাবাসীর মাঝে স্বস্তি

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের ধনিশ্বর গ্রামে দীর্ঘদিনের রাস্তা ও পানি প্রবাহজনিত সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান রনি। স্থানীয় জনগণের ভোগান্তি লাঘব ও টেকসই সমাধানের লক্ষ্যে তাঁর এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে আশার সঞ্চার করেছে।
পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সমস্যার প্রকৃত চিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং জনস্বার্থে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান রনি বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমাদের প্রধান দায়িত্ব। রাস্তা ও পানি প্রবাহে কোনো প্রতিবন্ধকতার কারণে সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সরেজমিনে সমস্যার বাস্তব চিত্র দেখে দ্রুত ও টেকসই সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণের কল্যাণে প্রশাসন সবসময় পাশে আছে এবং থাকবে।”

তিনি আরও বলেন, “উন্নয়নের সুফল তখনই অর্থবহ হয়, যখন তা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। বরুড়ার প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার প্রতিবন্ধকতা ও পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় এলাকাবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

বিশেষত বর্ষা মৌসুমে চলাচল ও পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ায় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ে। ইউএনওর সরেজমিন পরিদর্শন ও দ্রুত সমাধানের আশ্বাসে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে ধনিশ্বর গ্রামের দীর্ঘদিনের সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *