বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষে ৩৫ সাংবাদিক পেলেন সনদ

বরুড়া প্রতিনিধি:

কুমিল্লার বরুড়ায় আধুনিক সাংবাদিকতার দক্ষতা বাড়াতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে এবং অংশগ্রহণকারী ৩৫ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কর্মশালার শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান রনি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও সনদ বিতরণ করেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন।
বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই-এর সম্পাদক কামরুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট স্কুলের প্রধান শিক্ষক মেদাদ উদ্দিন।

প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্ট চেকিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রথম দিনে মাল্টিমিডিয়া সাংবাদিকতার কলাকৌশল ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা হয়।

দ্বিতীয় দিনে সাংবাদিকতায় এআই প্রযুক্তির সঠিক ব্যবহার, এআই-জনিত ভুয়া তথ্য শনাক্তকরণ এবং ফ্যাক্ট চেকিংয়ের প্রশিক্ষণ দেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। তৃতীয় দিনে ফ্যাক্ট চেকিংয়ের বিস্তারিত পদ্ধতি ও কৌশল শেখান পিআইবির প্রশিক্ষক ও ‘বুম বাংলাদেশ’-এর ফ্যাক্ট চেকার তাওসিফ আকবর।

প্রশিক্ষণে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দৈনিক আমার শহর-এর সম্পাদক গাজীউল হক সোহাগ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ, সাবেক সভাপতি মো. আবুল হাসেম এবং অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক জসিম উদ্দীন খোকনসহ অন্যরা অংশ নেন।
শেষ দিনে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, সাংবাদিকতার নৈতিকতা, প্রশিক্ষণার্থীদের উপস্থাপনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের মতে, তথ্যের সত্যতা যাচাই, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এই উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *