মোঃআনজার শাহ :
কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মতাদর্শের সহস্রাধিক নেতাকর্মী। উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমের নেতৃত্বে আয়োজিত এক বিশাল যোগদান অনুষ্ঠানে বাংলাদেশ তরিকত ফেডারেশন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বলে আয়োজকদের দাবি। অনুরূপ একটি অনুষ্ঠানে তরিকত ফেডারেশন ও সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মীদের যোগদানের খবরও প্রকাশিত হয়েছে।
সম্প্রতি বরুড়া হাজি নবাব আলী মাঠে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক কর্মসূচিতেও তরিকত ফেডারেশনের প্রায় ৭০০ নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের আরও কয়েকশ নেতাকর্মীর বিএনপিতে যোগদানের খবর প্রকাশিত হয়েছিল।
অনুষ্ঠানে বক্তব্যে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম বরুড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিগত নির্বাচনে বরুড়ার মানুষ বিপুল ভোটে জাকারিয়া তাহের সুমনকে সংসদ সদস্য নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছেন। তাঁদের আস্থার প্রতিদান হিসেবে বরুড়ার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার অনেকগুলো ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।
সড়ক ও খাল উন্নয়নে পরিকল্পনা:
কায়সার আলম সেলিম বলেন, বরুড়া থেকে লালমাই পর্যন্ত প্রধান সড়কটি ২৪ ফুট প্রশস্ত করার অনুমোদন পাওয়া গেছে। শিগগিরই এ প্রকল্পের দরপত্র প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি বরুড়ার গুরুত্বপূর্ণ কার্যখাল সরকারি খাল খনন কর্মসূচির আওতায় খননের অনুমোদন পেয়েছে।
তিনি জানান, খাল খননের সময় উত্তোলিত মাটি ব্যবহার করে খালের ডান পাশ দিয়ে রামমোহন থেকে মুদাফরগঞ্জ পর্যন্ত ১৮ ফুট প্রশস্ত একটি সড়ক নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এ ছাড়া ভবানীপুর ইউনিয়নের ফেনুয়া থেকে মুগসাইর, চিতড্ডা ইউনিয়ন হয়ে দৌলতপুর নয়াবপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়কটি ১৮ ফুট প্রশস্ত করার অনুমোদন মিলেছে বলেও তিনি জানান।
পৌরসভাকেন্দ্রিক লিংক রোড:
বরুড়া পৌরসভাকে ঘিরে একটি পূর্ণাঙ্গ লিংক রোড নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন কায়সার আলম সেলিম। তাঁর দেওয়া রূপরেখা অনুযায়ী, খাদ্যগুদাম থেকে পাটানপাড়া, থানা রোড ও তালাগ্রাম হয়ে সড়কটি বরুড়া-আড্ডা সড়কের সঙ্গে যুক্ত হবে। পরে তালাগ্রাম থেকে আলী আদম সাহেবের বাড়ি হয়ে বরুড়া-জলম সড়কে সংযোগ স্থাপন করে পুরান কাদবা ঘুরে আবার খাদ্যগুদাম এলাকায় এসে মিলবে প্রস্তাবিত লিংক রোডটি।
তিনি বলেন, এ লিংক রোড বাস্তবায়িত হলে দক্ষিণ, উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে আসা মানুষ শহরের ভেতরের যানজট এড়িয়ে সহজে চলাচল করতে পারবেন। একই সঙ্গে পৌরসভার আশপাশের এলাকায় নতুনভাবে নগর সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
‘এবার বরুড়া চিনবে বাংলাদেশ’:
নির্বাচনি প্রচারণার প্রসঙ্গ টেনে কায়সার আলম সেলিম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে বরুড়াবাসী নির্বাচনের সময় বলেছিলেন ‘এবার বরুড়া চিনবে, বাংলাদেশ চিনে নেবে।’
তিনি বলেন, জাকারিয়া তাহের সুমনের হাত শক্তিশালী করতে দলীয় আদর্শে বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে যোগ দিয়েছেন। বিশেষ করে বরুড়ার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের অংশগ্রহণ দলকে আরও বিস্তৃত ও শক্তিশালী করবে।
কায়সার আলম সেলিম আরও বলেন, নির্বাচনের সময় সনাতন ধর্মাবলম্বী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। তাঁদের আস্থা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। এ ছাড়া ৫ আগস্ট-পরবর্তী সময়ে সহযোগিতা করা কয়েকজন চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানও এদিন বিএনপিতে যোগ দিয়েছেন বলে তিনি জানান।
নতুনদের নিয়ে মাঠে কাজের আহ্বান:
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশে কায়সার আলম সেলিম বলেন, নতুন যোগদানকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করতে হবে। মত ও পথের ভিন্নতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। তবেই বরুড়াকে উন্নয়ন ও জনকল্যাণের পথে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রার্থী বাছাইয়ে অগ্রাধিকার:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগী, সৎ ও জনসম্পৃক্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা জনগণের অর্থ আত্মসাৎ করবেন না, মানুষকে বিপদে ফেলবেন না এবং দুর্দিনে সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন এমন নিবেদিতপ্রাণ ব্যক্তিদেরই বিবেচনা করা হবে।
তিনি বলেন, মানুষের সেবা করার মানসিকতা, সততা ও জবাবদিহিই হবে প্রার্থী বাছাইয়ের অন্যতম মানদণ্ড। পদ-পদবি নয়, মানুষের আস্থা অর্জন করাই হবে বিএনপির নেতাকর্মীদের প্রধান দায়িত্ব।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল হক রেজু। বক্তব্যের শেষ পর্যায়ে কায়সার আলম সেলিম যোগদানকারী সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাপস, কাজল ও রাজীবের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।